সাম্প্রতিক বিক্ষোভে বিদেশিদের অবশ্যই হাত ছিল: ইরানের সংসদ
-
ইরানের জাতীয় সংসদ (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ বলেছে, দেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় অবশ্যই বিদেশি শক্তির হাত ছিল; বাইরের শক্তি এসব সহিংসতায় উসকানি দিতে ভূমিকা রেখেছে। আজ (রোববার) জাতীয় সংসদ মজলিসে শূরার অধিবেশনের ব্রিফিংয়ে একথা বলা হয়েছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রহমানি ফাজলি সংসদ সদস্যদেরকে সাম্প্রতিক অস্থিতিশীলতা নিয়ে ব্রিফ করেন। পাশাপাশি গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি সহিংসতার মূল কারণ ও তার পেছনে কারা ছিল সে বিষয়ে রিপোর্ট পেশ করেন। সংসদ সদস্য জালাল মির্জায়ি বার্তা সংস্থা ইরনাকে একথা জানান।
মির্জায়ি বলেন, সাম্প্রতিক সহিংসতা সৃষ্টি ও কৌশলে তা কাজে লাগানোর ক্ষেত্রে বিদেশি শক্তি বিশেষ করে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আজকের সংসদ অধিবেশনে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারিও সংসদ সদস্যদেরকে ব্রিফ করেন। এ সময় তিনি সাম্প্রতিক সহিংসতায় আটক ব্যক্তিদের অবস্থা, তাদের বয়স ও শিক্ষা সম্পর্কে সংসদের কাছে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭