জার্মানির বক্তব্য নাকচ করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
সিরিয়া ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্প্রতি যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূমিকা রয়েছে বলে জার্মানির দেয়া বক্তব্য নাকচ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (বৃহস্পতিবার) বলেছেন, বার্লিনের বক্তব্য ভিত্তিহীন এবং এজন্য ইসরাইলকেই দায় নিতে হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, গোলযোগ ও যুদ্ধের ওপরই ইসরাইলের অস্তিত্ব নির্ভর করে।
কাসেমি বলেন, ইরান হচ্ছে একটি স্থিতিশীল ও স্থিতিশীলতা সৃষ্টিকারী দেশ এবং সঙ্কটাপন্ন অঞ্চলে নতুন করে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির কোনো প্রয়োজন আছে বলে তেহরান মনে করে না।
ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত করার পর জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ত সিরিয়ায় ইরানের সামরিক তৎপরতা নিয়ে উদ্বোগ প্রকাশ করেছেন। ইরানের ভূমিকায় ওই অঞ্চল বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। জার্মান মুখপাত্র ইরানকে সিরিয়ায় তার ভূমিকা বন্ধের আহ্বান জানান।
এসব বক্তব্যের জবাবে বাহরাম কাসেমি বলেছেন, দামেস্কের বৈধ সরকারের অনুরোধে ইরান সিরিয়ায় সামরিক উপদেষ্টার কাজ করছে। এছাড়া, যেকোনো আগ্রাসনের মুখে নিজের সার্বভেমৌত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার সিরিয়ার আছে। এর বিপরীতে দখলদার ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫