মার্কিন ব্যর্থতায় ফুটে উঠেছে ইরানের দৃঢ় অবস্থান: উপপররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i53665-মার্কিন_ব্যর্থতায়_ফুটে_উঠেছে_ইরানের_দৃঢ়_অবস্থান_উপপররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব পাসে আমেরিকার ব্যর্থতার মধ্যদিয়ে তেহরানের দৃঢ় অবস্থান ফুটে উঠেছে। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১২:২৩ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব পাসে আমেরিকার ব্যর্থতার মধ্যদিয়ে তেহরানের দৃঢ় অবস্থান ফুটে উঠেছে। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে ইরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে মার্কিন মদদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু রাশিয়া তাতে ভেটো দিয়েছে। ইরান ইয়েমেনে অস্ত্র সরবরাহ করছে বলে ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছিল।

আব্বাস আরাকচি আরও বলেছেন, মার্কিন সরকার গত এক বছরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বহুবার ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। এর মধ্যদিয়ে এটা আবারও স্পষ্ট হয়েছে যে, আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে কোনঠাসা হচ্ছে এবং ইসলামি প্রজাতন্ত্রের অবস্থান শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইয়েমেন বিষয়ক বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তৈরির প্রক্রিয়াটিই ছিল বিদ্বেষপূর্ণ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে মধ্যপ্রাচ্য বিষয়ক বর্তমান নীতি অব্যাহত থাকবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭