'সমঝোতার ব্যাপারে ইউরোপের প্রস্তাব আদর্শ না হলেও একটি ভালো যাত্রা'
-
ইরানের আণবিক শক্তি সংস্থা বা (এইওআই)\\\'র প্রধান আলী আকবর সালেহি
ইরানের আণবিক শক্তি সংস্থা বা (এইওআই)'র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য ইউরোপের পক্ষ থেকে দেয়া প্যাকেজ প্রস্তাব পুরোপুরি সঠিক না হলেও ভবিষ্যতে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরিতে এটি ইতিবাচক অবদান রাখবে।
গতকাল (সোমবার) ইরানের প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সালেহি বলেন, ইউরোপ যদি পরমাণু সমঝোতায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং তারা আমাদের কাছে যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো যদি তারা সত্যিকারভাবেই বাস্তবায়ন করে তবে ইউরোপের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে এসব প্রস্তাব একটি ভালো শুরু হিসেবে বিবেচনা করা যেতে পারে। ভবিষ্যতে তেহরান-ইউরোপের মধ্যে সম্পর্ক আরো জোরালো করার পরিবেশ তৈরি হতে পারে।
ইরানের পরমাণু সমঝোতা টিকে থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সালেহি আরো বলেন, "যদি আন্তর্জাতিক সমাজ ঐক্যবদ্ধ থাকে তাহলে ভবিষ্যতে বিশ্বের নানা সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের ক্ষেত্রে এ সমঝোতা একটি ভালো উদাহরণ হয়ে থাকবে।
ইরানের এ শীর্ষস্থানীয় কর্মকর্তা আরো বলেন, "পরমাণু সমঝোতা বা জেসিপিওএ এমন একটি চুক্তি যেখানে ইরানি জাতির পাশাপাশি আন্তর্জাতিক সমাজেরও স্বার্থ রয়েছে। তাই আমি মনে করি এ সমঝোতা হুবহু আগের মতোই টিকবে থাকবে এবং এটি কিছুতেই ভেঙে পড়ার উপক্রম হবে না।" তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি জেসিপিওএ ব্যর্থ হয়, এটি ভেস্তে যায় তাহলে কেউ এর দ্বারা উপকৃত হবে না।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১