তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় পাশে দাঁড়াবে ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তুরস্কের ওপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞায় পাশে দাঁড়াবে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
যখন তুরস্ক ও আমেরিকার মধ্যে কয়েক দশকের ভেতরে দ্বিপক্ষীয় সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার হুঁশিয়ারি দিচ্ছেন তখন ইরানের পক্ষ থেকে আংকারার পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়া হলো।
বাহরাম কাসেমি বলেন, ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় যেকোনো সাহায্য দিয়ে থাকে। তিনি আরো বলেন, তুরস্কের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিলে তা অকার্যকর বলে প্রমাণিত হবে। সম্ভাব্য নিষেধাজ্ঞায় তুরস্কের সরকার ও জনগণ পরিস্থিতি মোকাবেলা করতে পারেব বলে তিনি আশা করেন।
মার্কিন পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে আটকের ঘটনায় তুরস্কের সঙ্গে আমেরিকার সম্পর্কে মারাত্মক অবনতি ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ব্রানসনকে মুক্তি না দিলে তুরস্কের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জবাবে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্কে মার্কিন বিচারমন্ত্রীর সম্পদ জব্দ করা হবে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শূল্ক দ্বিগুণ করেছেন। এসময় তিনি বলেছেন, তুরস্ক ও আমেরিকার মধ্যে সম্পর্ক ভালো নেই।#
পার্সটুডে/এসআইবি/১২