আমেরিকা আর কখনোই ইরানে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i63630-আমেরিকা_আর_কখনোই_ইরানে_আধিপত্য_প্রতিষ্ঠা_করতে_পারবে_না_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা এখনও ইরানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না। ইরানে নির্বাচিত মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে মার্কিন সামরিক অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আজ (রোববার) এক টুইটে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
আগস্ট ১৯, ২০১৮ ১১:৪২ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা এখনও ইরানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না। ইরানে নির্বাচিত মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে মার্কিন সামরিক অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আজ (রোববার) এক টুইটে তিনি এ কথা বলেছেন।

ফার্সি ১৩৩২ সালের ২৮ মোরদদ মোতাবেক ১৯৫৩ সালের ১৯ আগস্ট আমেরিকা ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে। এর ফলে ইরানের তৎকালীন নির্বাচিত ও জনপ্রিয় মোসাদ্দেক সরকারের পতন ঘটে। 

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমেরিকা ৬৫ বছর আগে ইরানের গণতান্ত্রিক ও জনপ্রিয় মোসাদ্দেক সরকারের পতন ঘটায়। এরপর সেখানে স্বৈরাচারী সরকার বসিয়ে ২৫ বছর ধরে ইরানি জনগণের ওপর আধিপত্য বিস্তার করে রাখে।

তিনি লিখেছেন, আমেরিকা ১৯৫৩ সালের মতো এখনও ইরানে একই কাজ করতে চাইছে। তারা অ্যাকশান গ্রুপ গঠন করে চাপ সৃষ্টি, মিথ্যা তথ্য প্রচার ও প্রতারণার মাধ্যমে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। কিন্তু কখনোই তারা সফল হতে পারবে না।

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে ঘোষণা করেছে, ইরানবিরোধী নানা পদক্ষেপ সমন্বয়ের লক্ষ্যে তারা একটি অ্যাকশান গ্রুপ তৈরি করেছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের ওপর সর্বাত্মক চাপ বাড়ানোর চেষ্টা চলছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯