ইরানে নতুন নতুন ইউরোপীয় কোম্পানি তৎপরতা শুরু করবে: জাহাঙ্গিরি
-
ইরানের ফার্ষ্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি
ইরান থেকে বেরিয়ে যাওয়া ইউরোপীয় কোম্পানিগুলোর পরিবর্তে এদেশে ছোট ও মাঝারি আকারের কোম্পানি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়নের যে অঙ্গীকার ইউরোপ করেছে তার অংশ হিসেবে নতুন এ প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ফার্ষ্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।
তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, আমেরিকা বেরিয়ে যাওয়ার পরও ইরান পরমাণু সমঝোতা থেকে আগের মতো অর্থনৈতিক স্বার্থ অর্জনের চেষ্টা করে যাচ্ছে। পরমাণু সমঝোতা টিকে থাকা বা না থাকা দুই অবস্থার জন্যই তেহরান প্রস্তুতি নিয়ে রেখেছে বলে তিনি জানান।
জাহাঙ্গিরি বলেন, আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এখন এ সমঝোতার বাকি পক্ষগুলো ইরানের স্বার্থ কতটা রক্ষা করতে পারে তার ওপর নির্ভর করে তেহরান এ সমঝোতায় টিকে থাকবে।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ এটির প্রতি সমর্থন জানানোয় ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে।
গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে তেহরানকে এতে টিকে থাকার আহ্বান জানায়। ইরান ওই আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে বিষয়টি নিয়ে ইউরোপের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০