আমেরিকার বিরুদ্ধে দায়ের করা ইরানের মামলার শুনানি সোমবার থেকে শুরু
আন্তর্জাতিক আদালত বা আইসিজে'তে দায়ের করা আমেরিকার বিরুদ্ধে ইরানের মামলার শুনানি সোমবার শুরু হবে। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র আমেরিকার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে ইরান।
নেদারল্যান্ডের হেগের অবস্থিত আন্তর্জাতিক আদালতে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ মামলা দায়ের করে ইরান। মে মাসে ইরানের বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মামলাটি দায়ের করা হয়। ২০১৫ সালে ঐতিহাসিক পরমাণু সমঝোতা বা জেসিপিওএ সই করার পর আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল আমেরিকা। হেগের সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামী সোমবার দায়েরকৃত মামলার শুনানি শুরু হতে পারে।
ইরানের অভিযোগে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ১৯৫৫ সালে তেহরান-ওয়াশিংটনের মধ্যে সই করা অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত চুক্তির লঙ্ঘন করেছেন ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কোনো এখতিয়ার ওয়াশিংটনের নেই বলে আর্জিতে উল্লেখ করেছে ইরান। এ ছাড়া, অবিলম্বে এ নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেয়ার জন্যও আইজেসি'র কাছে আর্জি জানিয়েছে ইরান।
নিরাপত্তা পরিষদের পাঁচ দেশ এবং জার্মানিসহ ছয় জাতিগোষ্ঠী জেসিপিওএ'তে সই করলেও আমেরিকা একক ভাবে এ থেকে বের হয়ে এসেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন