ট্রাম্পের লক্ষ্য পূরণ হয় নি, তাই আলোচনার প্রস্তাব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তারা ইরানের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শরিক দেশগুলোর ওপর চাপ বাড়াতে চায়। আজ (রোববার) ইরানের টিভি চ্যানেল-থ্রি-তে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য দেশে উৎপাদিত অস্ত্রের ওপর নির্ভরশীল। তারা অন্য দেশ থেকে অস্ত্র কিনে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কিন্তু ইরান নিজের নিরাপত্তা, উন্নয়ন ও অগ্রগতিকে দেশের জনগণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করে। এ কারণে তারা ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে গত ৪০ বছরে ইরানের ওপর চাপ বাড়িয়েছে। কিন্তু জনগণ তাদের চাপ মোকাবেলা করেছে।
তিনি বলেন, আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও এখন আর ওয়াশিংটনের কথা শুনছে না। এখন তারা কোম্পানিগুলোকে টার্গেট করছে এবং সেগুলোকে আনুষ্ঠানিকভাবে হুমকি দিচ্ছে। আমেরিকা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি নিজের অনুকূলে নিতে চাইছে।
জারিফ বলেন, আন্তর্জাতিক বাস্তবতা হচ্ছে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব সব ধরনের আইন লঙ্ঘন করছে। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা যে লক্ষ্য হাসিল করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। এ কারণে তারা বারবার আলোচনার প্রস্তাব দিচ্ছে এবং ইরানের বিষয়ে 'অ্যাকশান গ্রুপ' তৈরি করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন