বসরায় কাজ শুরু করেছে ইরানি কন্স্যুলেট
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরাকের তেল-সমৃদ্ধ বসরা নগরীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন কন্স্যুলেট ভবন কাজ শুরু করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি একথা জানিয়েছেন।
গত শুক্রবার একদল ভাড়াটে দুর্বৃত্ত ইরানের সাবেক কনস্যুলেট ভবনে আগুন দেয়ার তিনদিনের মাথায় নতুন কূটনৈতিক মিশন চালু হলো। এ সম্পর্কে বাহরাম কাসেমি বলেন, তিক্ত ওই ঘটনার পর ইরানি কূটনীতিকদেরকে দ্রুত নতুন কন্স্যুলেট ভবনে সরিয়ে নেয়া হয়েছে এবং সেখানে তারা কাজও শুরু করেছেন।
ইরানি কন্স্যুলেট ভবনে দুর্বৃত্তদের হামলার পর এর তীব্র প্রতিবাদ জানায় ইরান। তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকেও তলব করা হয়। পাশাপাশি ইরাকের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিকদলের নেতারা এ ঘটনার নিন্দা করেছেন।
গত জুলাই থেকে ২৫ লাখ জনবসতির শহর বসরায় সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল সেবার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে স্থানীয় জনগণ। গত সপ্তাহে শহরটিতে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১২ বিক্ষোভকারী নিহত হয়। এসব ঘটনার জন্য ইরাকের গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি আমেরিকার হাত থাকার কথা বলেছে।#
পার্সটুডে/এসআইবি/১২