ইরানের নিরাপত্তা সুরক্ষা দেয়া সশস্ত্র বাহিনীর জন্য 'রেড লাইন': জেনারেল বাকেরি
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, দেশের নিরাপত্তা সুরক্ষা দেয়া সেনাবাহিনীর জন্য রেড লাইন। ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করে তোলে এমন বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
গতকাল (বুধাবর) ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সীমান্তে অবস্থিত নিরাপত্তা বাহিনীর ঘাঁটি পরিদর্শনে গিয়ে বাকেরি এসব মন্তব্য করেন। জেনারেল বাকেরি বলেন, এর আগেও অনেকবার বলা হয়েছে যে ইরানি জাতির নিরাপত্তা সুরক্ষা দেয়া দেশের সশস্ত্র বাহিনীর জন্য 'রেড লাইন'। দেশের জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি হলে ইসলামি প্রজাতন্ত্র অলস বসে থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
ইরানের সামরিক বাহিনীর এ শীর্ষস্থানীয় কমান্ডার ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতার পাশাপাশি ইরানি জাতির প্রতি বিদ্বেষ পোষণাকারী ব্যক্তিদের প্রতি সমর্থনদারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, বিপ্লব বিরোধী সশস্ত্র গোষ্ঠী এবং ইরানি জাতিকে ক্ষতি করতে ইচ্ছুক অস্ত্রধীরারা যাতে আমাদের সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশগুলোতে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণে ইরাকের কেন্দ্রীয় সরকার এবং দেশটির স্বায়ত্বশাষিত কুর্দিস্তান প্রদেশের কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
গত কয়েক বছর ধরে ইরানের নিরাপত্তা বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত এলাকাগুলোতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এসব সন্ত্রাসী প্রায়ই পাকিস্তান এবং ইরাক থেকে গিয়ে ইরানি বাহিনীর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন