ইরান সফরে এসেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ
-
ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রী রেজা রাহমানি ইরাকের প্রেসিডেন্টকে স্বাগত জানান
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরান সফরে এসেছেন। আজ (শনিবার) সকালে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রী রেজা রাহমানি ইরাকের প্রেসিডেন্টকে স্বাগত জানান।
পরে তেহরানের সা’দাবাদ প্রাসাদে প্রেসিডেন্ট হাসান রুহানি তার ইরাকি সমকক্ষ বারহাম সালিহকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
ইরাকের প্রেসিডেন্টের দু’দিনের ইরান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দু’দেশের কর্মকর্তারা আলোচনা ও মতবিনিময় করবেন।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ধারাবাহিক সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট সালিহ তেহরান সফরে এলেন। ইরানের আগে তিনি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান সফর করেন।
ইরাকের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটির জের ধরে গত ২ অক্টোবর ইরাকের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন বারহাম সালিহ। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭