ইসরাইলের সঙ্গে সূর মিলিয়ে এবার আরব লীগের ইরান বিরোধী বক্তব্য: তেহরানের প্রতিক্রিয়া
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশ সবসময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে রয়েছে এবং যেকোনো বিষয়ে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে প্রস্তুত। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেছেন।
আরব লীগের মহাসচিব ইতালির রোমে অনুষ্ঠিত 'ভূমধ্যসাগরীয় সংলাপ' শীর্ষক এক বৈঠকে ইরানের নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান। একইসঙ্গে আরব দেশগুলোর নীতির প্রতি সমর্থন জানান। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "আপনি হচ্ছেন আরব লীগের মহাসচিব কোনো দেশের নীতি নির্ধারক নন।" ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক হাসান হানি যাদে আরব লীগের মহাসচিবের ইরান বিরোধী বক্তব্যের ব্যাপারে বলেছেন, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের চাপের মুখে মহাসচিব আহমেদ আবুল গেইত ইরানের ব্যাপারে বিদ্বেষী বক্তব্য দেন।
আরব লীগের প্রভাবশালী কয়েকটি দেশ দখলদার ইসরাইলের সঙ্গে মুসলিম দেশগুলোর বিরোধকে ইরান-আরব বিরোধে রূপান্তরিত করার চেষ্টা করছে যাতে ইসরাইল নিরাপদে থাকে। এই মিশনকে সামনে রেখে আরব লীগের মহাসচিব ইরানকে আরব দেশগুলোর এক নম্বর শত্রু বলে অভিহিত করেছেন। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, আরব লীগ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কোনো কথা না বোলে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন না দিয়ে উল্টো ইরানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে এবং ইরানকে আরব বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ লক্ষ্যকে সামনে রেখেই আরব দেশগুলোকে নিয়ে 'আরব ন্যাটো জোট' গঠনের চেষ্টা চলছে।
যদিও তারা দাবি করছে সন্ত্রাসবাদ মোকাবেলা করা এবং আরব দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা ওই জোট গঠনের উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হচ্ছে এই জোটকে তারা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে চায় যার পেছনে আমেরিকা ও ইসরাইলের সমর্থন রয়েছে। মিশরে ইরানের স্বার্থ দেখাশোনাকারী দফতরের সাবেক প্রধান মোস্তবা আমনি আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, উনি হচ্ছেন ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমেরিকার পক্ষ থেকে নিয়োজিত একজন ব্যক্তি।
পর্যবেক্ষকরা বলছেন, আরব লীগের মহাসচিব এমন সময় ইরানের বিরুদ্ধে এসব কথা বলেছেন যখন ইরান সবসময়ই পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক জোরদারের কথা বলে আসছে এবং বিপদ আপদে মুসলিম দেশগুলোকে সমর্থন দিচ্ছে। এমনকি মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বিজাতীয়দের হস্তক্ষেপেরও বিরোধিতা করে আসছে ইরান। বাস্তবতা হচ্ছে, আরব জনগোষ্ঠীর অধিকার হরণকারী স্বৈরশাসক গোষ্ঠীর উদ্যোগে আরব লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই দেশগুলোর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং সরকারগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা ছিল জোট প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। কিন্তু আরব লীগ তাদের লক্ষ্য বাস্তবায়ন করতেতো পারেনি বরং এ জোট এখন সৌদি আরব ও ইসরাইলের লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন