ইয়েমেন সংকটের সমাধান এখন বিশ্বের ঐতিহাসিক দায়িত্ব: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইয়েমেনে মানবিক বিপর্যয় ও সংকট অবসানে বিশ্বের সবার চেষ্টা চালানো উচিৎ। এটি এখন বিশ্বের ঐতিহাসিক দায়িত্ব। আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।
জাতিসংঘের তত্ত্বাবধানে সুইডেনে ইয়েমেন বিষয়ক আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্টকহোম বৈঠকে অংশগ্রহণের জন্য ইয়েমেনের সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশাকরছি সব পক্ষই আস্থা সৃষ্টির পদক্ষেপের মাধ্যমে সর্বাত্মক সমঝোতা অর্জনের পথ সুগম করবে।
বিবৃতিতে ইরানের চার দফা প্রস্তাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সৌদি আগ্রাসন ও যুদ্ধ শুরুর পরপরই ইরান এই শান্তি প্রস্তাব উত্থাপন করেছিল। ইরানের চার দফা প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, দেশটির জনগণের মাঝে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, রাজনৈতিক সংলাপ শুরু করতে হবে এবং জাতীয় সরকার গঠন করতে হবে।
আজকের বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনার মাধ্যমে রাজনৈতিক উপায়েই ইয়েমেন সংকটের সমাধান করতে হবে, ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই। গত চার বছরে আগ্রাসীরা তাদের কোনো লক্ষ্য হাসিল করতে পারে নি বলেও সেখানে উল্লেখ করা হয়েছে ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩