ইরান-বিরোধী সম্মেলনের জন্য পোল্যান্ডকে পরিণতি ভোগ করতে হবে: কাসেমি
-
বাহরাম কাসেমি
আমেরিকার ইরান-বিরোধী সম্মেলনের আয়োজন করে দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট না করতে পোল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরান ও পোল্যান্ডের জনগণের মধ্যে ঐতিহ্যগত যে সম্পর্ক রয়েছে তা স্বল্পকালীন এবং দুর্বল রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে অবজ্ঞা এবং ধ্বংস করা মোটেই উচিত হবে না। তিনি বলেন, আমাদের কাছে এটা মনে হচ্ছে যে আমেরিকার লোভে ও চাপে পড়ে পোল্যান্ড হোয়াইট হাউসের ইরান বিদ্বেষী নীতি এবং আচরণের পথ অনুসরনের সিদ্ধান্ত নিয়েছে এবং দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক শেষ করতে চাইছে।
কাসেমি ওয়ারশ-তেহরানের মধ্যে পাঁচ শতকেরও বেশি সময় ধরে সুসম্পর্কের বিষয়ে পোল্যান্ডকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১ লাখ ২০ হাজারের বেশি পোলিশকে ইরান আশ্রয় দিয়েছিল।ওয়ারশ'তে অবস্থিত ইরান-পোল্যান্ড বন্ধুত্বের স্তম্ভের প্রতি ইঙ্গিত করে কাসেমি পোল্যান্ডের কর্মকর্তাদেরকে দুই দেশের মধ্যে অতীত সম্পর্কের প্রতীক 'স্মৃতি স্তম্ভ' পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।
পোল্যান্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে তেহরান 'মারাত্মক এবং কঠিন জবাব' দেবে বলে হুঁশিয়ারি দেন বাহরাম কাসেমি। ওয়ারশ এ বিষয়ে তার সিদ্ধান্ত পুর্নবিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন কাসেমি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন