গোলান মালভূমি নিয়ে আরব লীগের ইশতেহারকে স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69272-গোলান_মালভূমি_নিয়ে_আরব_লীগের_ইশতেহারকে_স্বাগত_জানাল_ইরান
গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন করে আরব লীগের শীর্ষ সম্মেলন থেকে যে ইশতেহার প্রকাশ করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। গতকাল (রোববার) তিউনিশিয়ার রাজধানী তিউনিসে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০১, ২০১৯ ০৮:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন করে আরব লীগের শীর্ষ সম্মেলন থেকে যে ইশতেহার প্রকাশ করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। গতকাল (রোববার) তিউনিশিয়ার রাজধানী তিউনিসে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে স্বীকৃতি দেয়া হয়েছে।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মার্কিন সরকার যখন গোলান মালভূমির ওপর ইসরাইলি দখলদারিত্বকে বৈধ করার চেষ্টা করছে তখন আরব লীগের এ পদক্ষেপকে তেহরান ‘ইতিবাচক ও আশাব্যাঞ্জক’ বলে মনে করছে।

কাসেমি বলেন, “আমরা মনে করি, মুসলিম বিশ্বের উচিত অবৈধ ইসরাইল সরকারের দখলে থাকা আরব-মুসরিম ভূখণ্ড উদ্ধারের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া।”

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে এবং এর চার বছর পর দখলীকৃত অংশকে নিজের ভূখণ্ডের অন্তর্গত করে নেয়; যদিও আন্তর্জাতিক সমাজ কখনোই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ মার্চ গোলানের ওপর ইসরাইলের কথিত ‘সার্বভৌমত্ব’কে স্বীকৃতি দেন।

তার এ পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ছাড়া আর কোনো দেশ গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেনি।

এদিকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে দায়ী করে আরব লীগের শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে যে ধারা যোগ করা হয়েছে তার তীব্র নিন্দা জানান কাসেমি। সেইসঙ্গে ইশতেহারে পারস্য উপসাগরের তিনটি দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে যে সংশয় প্রকাশ করা হয়েছে তারও নিন্দা জানান তিনি। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান১