মার্কিন সন্ত্রাসবাদ প্রতিহত করার পরিবর্তে ট্রাম্পকে তুষ্ট করছে ইউরোপ: জারিফ
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের জনগণের বিরুদ্ধে আমেরিকার ‘অর্থনৈতিক সন্ত্রাস’ প্রতিহত করতে ব্যর্থ হওয়ার জন্য তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই তিন ইউরোপীয় শক্তি উল্টো ওয়াশিংটনকে তুষ্ট করার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
বুধবার এক টুইটার বার্তায় জারিফ বলেন, তার দেশের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার এক বছর পর এখনো ওয়াশিংটনের চাপের বিরুদ্ধে শক্ত রাজনৈতিক সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়েছে তিন ইউরোপীয় শক্তি। এমনকি তারা ইরানে মানবিক ত্রাণ পাঠানোর জন্য একটি ব্যাংকিং চ্যানেলও সৃষ্টি করতে পারেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর মে মাসের গোড়ার দিকে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। এরপর তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন যা নভেম্বরে কার্যকর করা হয়।
তিন ইউরোপীয় দেশ আমেরিকার ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে ঘোষণা করে, তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না। এসব দেশ ইরানকেও পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে এই প্রতিশ্রুতি দেয় যে, তারা ওই সমঝোতায় ইরানকে অর্থনৈতিক সুবিধা দেয়ার যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বাস্তবায়ন করবে। কিন্তু গত এক বছরে ইউরোপীয় দেশগুলো সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো বলেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ওয়াশিংটনের ইরান বিরোধী তৎপরতা প্রতিহত করার পরিবর্তে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন চেয়েছে।
সম্প্রতি তিন ইউরোপীয় শক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করছে। অথচ ইরান বারবার বলে এসেছে, দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এটি নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব লঙ্ঘন করছে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৪