ইরানের বন্যা সম্পর্কে পম্পেও ‘অপেশাদার’ বক্তব্য দিয়েছেন: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i69352-ইরানের_বন্যা_সম্পর্কে_পম্পেও_অপেশাদার’_বক্তব্য_দিয়েছেন_জারিফ
ইরানের চলমান নজিরবিহীন বন্যা পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অপেশাদার’ ও ‘প্রতারণামূলক’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকায় আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগগুলো সামাল দিতে বরং মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৫, ২০১৯ ০৬:১৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের চলমান নজিরবিহীন বন্যা পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অপেশাদার’ ও ‘প্রতারণামূলক’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকায় আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগগুলো সামাল দিতে বরং মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।

প্রবল বর্ষণের ফলে গত ১৯ মার্চ ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়। পরবর্তীতে বন্যার পানিতে তলিয়ে যায় দেশের বিস্তীর্ণ এলাকা। বর্তমানে ইরানের মোট ৩১ প্রদেশের মধ্যে ২৪টিতেই বন্যার পানি রয়েছে।  গত অন্তত এক দশকে ইরানে এত ভারী বৃষ্টিপাত হয়নি।

বন্যার্তদের মাঝে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি

বন্যায় অন্তত ৬২ জন নিহত ও হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। দুর্গত অনেক এলাকা থেকে শত শত মানুষকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। ইরানের সেনাবাহিনীসহ সবগুলো নিরাপত্তা বাহিনী ও ত্রাণ সংস্থা বন্যা দুর্গতদের মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট হাসান রুহানির সরাসরি তত্ত্বাবধানে এই ত্রাণ তৎপরতা চলছে।

অথচ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইরানের প্রস্তুতির ঘাটতি রয়েছে এবং দেশটি চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।’

ত্রাণ বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক বিবৃতিতে বলেছেন, “মনে হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার দেশে গত দুই বছরের প্রাকৃতিক বিপর্যয়গুলোতে ওয়াশিংটন যে অদক্ষতা ও ব্যর্থতা দেখিয়েছে সে সম্পর্কে অবহিত নন। ঠিক এ কারণেই তিনি ইরানের ২৪টি প্রদেশের নজিরবিহীন বন্যা পরিস্থিতি সম্পর্কে অপেশাদার, হস্তক্ষেপকামী ও প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে তার নিজের চরকায় তেল দেয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ শেষ হয়ে যাওয়ার বহু মাস পর এখনো আমেরিকার জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। অথচ তাদের সে দুর্দশা লাঘবের চেষ্টা না করে ইরানের বন্যার্ত মানুষ সম্পর্কে গালভরা বুলি ছাড়ছে আমেরিকা। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৫