ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে কোনো বাধা নেই: জারিফ
-
জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন- পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটি, পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার অনুযায়ী ইরান কোনো বাধা ছাড়াই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। এ ক্ষেত্রে এখন যেমন কোনো বাধা নেই, তেমনি ২০১৫ সাল ও এর পরবর্তী সময়েও কোনো বাধা থাকবে না।
আমেরিকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জেরার্ড আরাউডের ইরানবিরোধী এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
জারিফ আরও বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোর উচিত তারা যাতে সই করেছেন তা ভালোভাবে পড়া। এর ফলে তাদের উপকার হবে।
এর আগে জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে ইউরোপ এবং ইরান তাদের অপেক্ষায় বসে থাকবে না।
সম্প্রতি আমেরিকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত দাবি করেছেন, পরমাণু সমঝোতার সইয়ের পর ইরানের সামনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আর সুযোগ নেই। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচিও গতকাল ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫