মার্কিন বিমানবাহী রণতরির সাহসী ভিডিও ফুটেজ ধারণ করল আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i69921-মার্কিন_বিমানবাহী_রণতরির_সাহসী_ভিডিও_ফুটেজ_ধারণ_করল_আইআরজিসি
ইরানের নির্মিত একটি চালকহীন বিমান পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরির সাহসী ভিডিও ফুটেজ ধারণ করেছে। ক্লোজ আপে নেয়া হাই ডেফিনেশন ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০১৯ ১০:৩৮ Asia/Dhaka
  • ইউএসএস ডুইট ডেভিড আইসেনহাওয়ার
    ইউএসএস ডুইট ডেভিড আইসেনহাওয়ার

ইরানের নির্মিত একটি চালকহীন বিমান পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরির সাহসী ভিডিও ফুটেজ ধারণ করেছে। ক্লোজ আপে নেয়া হাই ডেফিনেশন ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ।

ভিডিও ফুটেজ কবে ধারণ করা হয়েছে তা উল্লেখ করা হয় নি। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ ফুটেজ ধারণ করেছে। এতে দেখা গেছে ভিডিও ফু্টেজ ধারণের জন্য ইরানের একটি বিমানক্ষেত্র থেকে আকাশে উড়ছে চালকহীন বিমান আবাবিল-৩।

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস ডুইট ডেভিড আইসেনহাওয়ারের ভিডিও ফুটেজ ধারণের সাহসী অভিযান সফল হয়েছে। এতোটাই নিকট থেকে ফুটেজ ধারণ করা হয়েছে যে এতে মার্কিন রণতরির ডেকে মোতায়েন ই-২সি নজরদারি বিমান এবং এফ-১৮ জঙ্গি বিমানগুলোর ডানায় লিপিবদ্ধ নম্বরগুলো পর্যন্ত পাঠযোগ্য ছিল।

মার্কিন বিমানবাহী রণতরী এবং জঙ্গি বিমান

তাসনিমের খবরে আভাস দেয়া হয়েছে যে আইআরজিসি'কে চলতি মাসের গোড়ার দিকে কথিত 'সন্ত্রাসী সংস্থা' হিসেবে ওয়াশিংটনের ঘোষণার জবাবে এ ভিডিও ফুটেজ ধারণ করা হয়।

ইরান এর আগে চালকহীন বিমান দিয়ে নজিরবিহীন মহড়া চালিয়েছে। আইআরজিসি’র  ড্রোন মহড়ায় ৫০টি আরকিউ-১৭০ সেন্টিনিয়েল ড্রোন অংশ নিয়েছিল।  এর আগে, তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনি(র)তে ইরানের প্রতিরক্ষা শিল্প মেলায় ইরানের তৈরি, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হোবাইজে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা খাতে ইরানের চোখ ধাঁধানো সফলতা তুলে ধরার অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়।

পার্সটুডে/মূসা রেজা/২৮