পরমাণু সমঝোতা লঙ্ঘন হয় এমন কিছু করবে না ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i70193-পরমাণু_সমঝোতা_লঙ্ঘন_হয়_এমন_কিছু_করবে_না_ইরান_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান যে পদক্ষেপ নিতে যাচ্ছে তার সবই ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় করা হচ্ছে। কোনোভাবেই ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৯ ০৬:১৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান যে পদক্ষেপ নিতে যাচ্ছে তার সবই ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় করা হচ্ছে। কোনোভাবেই ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না।

রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছে জাওয়াদ জারিফ গতকাল (মঙ্গলবার) রাতে সাংবাদিকদের একথা জানান। মস্কো সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ অন্য কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পরমাণু সমঝোতা ইস্যুটি গুরুত্ব পাবে।

জাওয়াদ জারিফ বলেন, গত বছর মার্কিন সরকার পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইরানের ‘কৌশলগত ধৈর্য’ শেষ হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য যে, আমেরিকার অন্যায় পদক্ষেপের বিপরীতে ইউরোপীয় ইউনিয়ন ও অন্য আন্তর্জাতিক সম্প্রদায় রুখে দাঁড়াতে সক্ষম নয়। এ কারণে ইরান পরমাণু সমঝোতার আওতায় স্বেচ্ছায় নতুন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে।  

সাইয়্যেদ আব্বাস আরাকচি

এর আগে, গতকাল ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুযায়ী কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখবে তেহরান। পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরান কিছু ধারা বাস্তবায়ন থেকে সরে আসতে পারবে।

আরাকচি বলেন, ইরান কোন কোন ক্ষেত্রে সহযোগিতা স্থগিত রাখবে তা বুধবার ৮ মে ঘোষণা করা হবে। গত বছরের এ দিনে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/৮