আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i70451-আমেরিকার_সঙ্গে_আলোচনার_কোনো_ইচ্ছা_নেই_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা আমাদের নেই। জাপানের কিয়োডো বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৯ ১০:২৭ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা আমাদের নেই। জাপানের কিয়োডো বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে গিয়ে আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা করার কোনো ইচ্ছা তেহরানের নেই।

তিনি বলেন, বলদর্পী শক্তি আমেরিকা তার নিজের ধ্বংসাত্মক তৎপরতা অনুসরণের জন্য অন্য দেশগুলোকেও বাধ্য করছে। সহজ ভাষায় এটাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলা হয়ে থাকে। 
এ সময় তিনি পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার জন্য ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন। জাপানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা মেনে চলা সত্ত্বেও জাপান মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।

ইরান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এখন বন্দি বিনিময়ের পরিবেশ নেই। আমেরিকা এ ক্ষেত্রে অনির্দিষ্ট শর্তাবলী আরোপ করেছে। আমেরিকা ইরানকে শর্ত দেওয়ার অবস্থায় নেই।

জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো'র আমন্ত্রণে গতকাল জাপান সফরে যান জারিফ। সেখানে তিনি জাপানি পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী সিনজো আবে'র সঙ্গে বৈঠক করেছেন। জাপান সফর শেষে আজ তিনি চীন সফরে গেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।