ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: পম্পেও’র বক্তব্য প্রত্যাখ্যান করলেন জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কঠোর ভাষায় তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি বা সেগুলোতে ক্ষেপণাস্ত্রে স্থাপন করার চেষ্টা করেনি।
জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “আমাদের ক্ষেপণাস্ত্রগুলোকে পরমাণু অস্ত্রের জন্য প্রস্তুত করা হয়নি। আর আমরা পরমাণু অস্ত্রও তৈরি করছি না।”
চলতি সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসকে দেয়া সাক্ষাৎকারে পম্পেও আবারো ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের মার্কিন নীতিকে সমর্থন করে কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরানের আচরণে কথিত পরিবর্তন আনা হচ্ছে মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্য।
তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভেতরে থেকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে ইরানের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে পম্পেও তেহরানের কাছ থেকে পরমাণু অস্ত্র তৈরি না করার স্থায়ী প্রতিশ্রুতিও কামনা করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছিল সেটি ২২৩১ নম্বর প্রস্তাব হিসেবে খ্যাত।
পম্পেও এমন সময় ওই প্রস্তাবের আওতায় ইরানকে কাজ করার আহ্বান জানালেন যখন খোদ মার্কিন সরকার এক বছরেরও বেশি সময় আগে ওই প্রস্তাব পদদলিত করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে।
ওই সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের কথা থাকলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের কোনো কথা বলা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার টুইটার বার্তায় আরো বলেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করার অধিকার আমেরিকা বা তার মিত্রদের নেই। তিনি উল্টো ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যাকারী আরব দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য মারণাস্ত্র বিক্রি করার জন্য আমেরিকা ও তার মিত্র দেশগুলোর তীব্র সমালোচনা করেন।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৮