যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i72807-যেকোনো_আগ্রাসনের_দাঁতভাঙা_ও_তাৎক্ষণিক_জবাব_দেওয়া_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান কখনোই কোন যুদ্ধের সূচনা করে নি এবং ভবিষ্যতেও করবে না, তবে আত্মরক্ষার ক্ষেত্রে তেহরানের বিন্দু পরিমাণ কুন্ঠাবোধ নেই এবং যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও দাঁতভাঙ্গা জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৯ ০৪:৩৬ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান কখনোই কোন যুদ্ধের সূচনা করে নি এবং ভবিষ্যতেও করবে না, তবে আত্মরক্ষার ক্ষেত্রে তেহরানের বিন্দু পরিমাণ কুন্ঠাবোধ নেই এবং যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও দাঁতভাঙ্গা জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে।

তিনি গতকাল বুধবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র নীতি ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আব্দুল খারিসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

আরাকচি আরও বলেন, ইরানের সামরিক শক্তি হচ্ছে আত্মরক্ষামূলক এবং কোনো দেশের জন্য তা হুমকি নয়। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এ ক্ষেত্রে আমেরিকা যেসব দাবি করছে সেগুলো একেবারেই ভিত্তিহীন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী আমরা যেকোনো ধরনের পরমাণু অস্ত্র নির্মাণ এবং তা ব্যবহারকে হারাম বলে মনে করি, তবে আমাদের বিজ্ঞানীরা পরমাণু প্রযুক্তি অর্জন করেছে এবং এই প্রযুক্তিকে আমরা  শান্তিপূর্ণ লক্ষ্যে উন্নয়ন ঘটিয়েছি।”

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বেআইনি এবং ইরান এসব নিষেধাজ্ঞাকে নিজের জন্য সুযোগে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।