বিদেশি সেনার উপস্থিতিই আঞ্চলিক সমস্যার মূল কারণ: রুহানি
-
ইরানে নিযুক্ত আফগানিস্তানের নয়া রাষ্ট্রদূত আব্দুল গফুর লিভালের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি যেকোনো দেশে বিদেশি সেনার উপস্থিতিকে পুরো অঞ্চলের জন্য সমস্যার মূল চাবিকাঠি হিসেবে আখ্যায়িত করেছেন।
গতকাল (রোববার) ইরানে নিযুক্ত আফগানিস্তানের নয়া রাষ্ট্রদূত আব্দুল গফুর লিভালের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি বলেন, যেকোনো আঞ্চলিক দেশে বিদেশি সেনার উপস্থিতির ফলে কেবল সমস্যাই সৃষ্টি করে। তিনি বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস যে আফগানিস্তানে মার্কিন সেনার উপস্থিতির ফলে দেশটি এবং এর জনগণের নিরাপত্তার জন্য কোনো সুফল বয়ে আনে নি।"
প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, এ অঞ্চলে অনিরাপত্তা ছড়িয়ে দিয়ে আমেরিকা কেবল তার নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতির প্রতি ইসলামি ইরান সব সময় গুরুত্ব দিয়ে আসছে। আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দেশ সব সময় প্রস্তুত আছে বলেও জানান তিনি।
এছাড়া, প্রেসিডেন্ট রুহানি আমেরিকা এবং তালেবানের মধ্যে চলমান শান্তি আলোচনা প্রসঙ্গে বলেন, যেকোনো শান্তি আলোচনায় আফগান জনগণ এবং তাদের প্রতিনিধিদের দৃষ্টিভঙ্গি বিবেচনায় না নেয়া হলে তা অর্থহীন সংলাপে পরিণত হবে এবং চূড়ান্তভাবে ব্যর্থ হবে।
পার্সটুডে/বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।