মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা গোটা বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করবে: ইরান
-
মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা গোটা বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করবে। আমেরিকা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি-আইএনএফ থেকে বেরিয়ে গিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর তিনি এ কথা বললেন।
আজ (শনিবার) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ইরান আমেরিকার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বিগ্ন। এ ধরণের তৎপরতা গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টির পাশাপাশি অন্যান্য দেশের অর্থনীতির ওপরও চাপ বাড়াবে।
মুসাভি বলেন, আমেরিকা একতরফা নীতি অব্যাহত রেখেছে, আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে বেরিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক আইন, নীতিমালা ও রীতিকে দুর্বল করে দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি করছে এবং এই সম্পর্ককে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে সব দেশেরই যথোপযুক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত।
গত রোববার আমেরিকা আমেরিকা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান নিকোলাস দ্বীপে মাঝারি পাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
গত ২ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আনুষ্ঠানিকভাবে আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে গেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।