রুহানি-ট্রাম্প আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73200-রুহানি_ট্রাম্প_আলোচনার_সম্ভাবনাকে_নাকচ_করে_দিয়েছে_ইরান
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ ইউরোপের সঙ্গে ইরানের আলোচনায় আমেরিকাকে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দেবে না। তিনি খুব শিগগিরি ইরান ও আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের ব্যাপারে প্রকাশিত খবরকে নাকচ করে দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৯, ২০১৯ ১৩:২০ Asia/Dhaka
  • রুহানি-ট্রাম্প আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ ইউরোপের সঙ্গে ইরানের আলোচনায় আমেরিকাকে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দেবে না। তিনি খুব শিগগিরি ইরান ও আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের ব্যাপারে প্রকাশিত খবরকে নাকচ করে দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন গ্রুপের বৈঠকের অবকাশে ফরাসি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে আলোচনা করেন। তার এসব সাক্ষাত আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পায়। ফ্রান্সে জি-সেভেন গ্রুপের শীর্ষ সম্মেলনের একই সময়ে জাওয়াদ জারিফের প্যারিস সফর ও আলোচনা থেকে বোঝা যায় ইউরোপীয়রা এখনো মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে পরমাণু সমঝোতার ব্যাপারে অর্জিত কূটনৈতিক সাফল্যকে টিকিয়ে রাখার চেষ্টা করছে।

জি-সেভেন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরমাণু সমঝোতার প্রতি ফরাসি প্রেসিডেন্টের সমর্থন জানানো আমেরিকার জন্য পরিষ্কার বার্তা। এ বার্তার মাধ্যমে তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন যে, ইরান ও ইউরোপের সম্পর্ক এবং পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দ্বিপক্ষীয় বিষয় এবং এখানে আমেরিকার কথা বলার সুযোগ নেই।

আব্বাস আরাকচি 

আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি টিকিয়ে রাখার জন্য চুক্তিতে সইকারী ইরানসহ অন্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ইরানের স্বার্থ টিকে থাকে। তবে ইরানও বলে দিয়েছে, পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরানের স্বার্থ রক্ষা করা না হলে তারাও এ চুক্তি থেকে বেরিয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানালেও এটিকে টিকিয়ে রাখার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

এ অবস্থায় পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইরান এবং ইউরোপকে তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নের সুযোগ করে দেয়ার জন্য এখনো এ চুক্তি থেকে পুরোপুরি সরে আসেনি ইরান। এ কারণে পরমাণু সমঝোতার ব্যাপারে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফের অপ্রত্যাশিত প্যারিস সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার মাধ্যমে ইউরোপের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে ইরানের অর্থনৈতিক স্বার্থ টিকিয়ে রাখা যায়। এ অবস্থায় আমেরিকার সঙ্গে ইরানের আলোচনার কোনোই সম্ভাবনা নেই। কারণ যারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না তাদের ওপর আস্থা রাখা যায় না এবং আলোচনা করেও লাভ নেই।

ইরানের কর্মকর্তারা বহুবার বলেছেন, পরমাণু সমঝোতার বাইরে আর কোনো বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো আলোচনাই হবে না। আমেরিকা যতদিন পর্যন্ত পরমাণু সমঝোতায় ফিরে না আসবে এবং নিষেধাজ্ঞা তুলে না নেবে ততদিন পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।

এ অবস্থায় পরমাণু সমঝোতা টিকে থাকবে কিনা তা নির্ভর করছে ইউরোপীয় দেশগুলোর স্বাধীন কর্মকাণ্ডের ওপর। ইরানের সঙ্গে আমেরিকার আলোচনার প্রস্তাব তুলে ধরে সমস্যার কোনো সমাধান হবে না। তাই আমেরিকার ইচ্ছার কাছে নতি স্বীকার না কোরে ইউরোপ যতখানি সিদ্ধান্ত নেবে ততখানি পরমাণু সমঝোতাও টিকে থাকবে। #     

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯