ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর ইউরোপকে আবার সতর্ক করলেন জারিফ
-
মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরেকবার পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার আরো কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার হুমকি দিয়েছেন। তিনি রাশিয়ার রাজধানী মস্কোয় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান পরমাণু সমঝোতার কোনো সুফল না পেলে এটি মেনে চলার কোনো অর্থ হয় না।
জারিফ বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ এটি রক্ষা করার জন্য তেহরানকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। তারা তা করতে না পারলে ইরান নিশ্চিতভাবে তৃতীয় দফা এ সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ তার কথা রাখলে ইরানও এ সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে।
ড. জারিফ ইরানের পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে এ পর্যন্ত চীন ও রাশিয়ার গৃহিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, মার্কিন চাপ সত্ত্বেও এই দুই দেশ পরমাণ সমঝোতা রক্ষায় সদিচ্ছার যে প্রকাশ ঘটিয়েছে তা ইউরোপীয় দেশগুলো পারেনি।
আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার এক বছর পর ২০১৯ সালের ৮ মে তেহরান এই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা মেনে নিজের দেয়া কিছু প্রতিশ্রুত পালন স্থগিত করে। ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা রক্ষা করার জন্য ইরানকে অনেকগুলো প্রতিশ্রুতি দেয়া হলেও তার কোনোটিই বাস্তবায়িত না হওয়ায় তেহরান ওই পদক্ষেপ নিতে বাধ্য হয়।
এ পর্যন্ত ইরান দুই দফায় ইউরোপকে ৬০ দিন করে সময় দিয়ে দুই দফা পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে। প্রথম ও দ্বিতীয় দফায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ বাড়িয়েছিল। ইরানের দেয়া পরবর্তী ৬০ দিন সময়ের মেয়াদ আগামী ৬ সেপ্টেম্বর শেষ হবে। ওই তারিখের আগে ইউরোপ তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে ইরান তৃতীয় দফা পদক্ষেপ নেবে এবং এবারের পদক্ষেপ আগের দুই দফার চেয়ে তীব্র হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।#
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।