প্রধান প্ররোচক বোল্টনের সঙ্গে যুদ্ধ উন্মাদনারও প্রস্থান ঘটুক: ইরান
-
জন বোল্টন (পেছনে)
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের অপসারণকে স্বাগত জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
যুদ্ধের প্রধান প্ররোচক জন বোল্টনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ উন্মাদনারও অবসান ঘটা উচিৎ বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি এক টুইটে লিখেছেন, তিন অথবা দুই জন ত্রাস সৃষ্টিকারী ছাড়া গোটা বিশ্ব যখন হোয়াইট হাউজে বি-টিমের প্রধান সহযোগীর অপসারণে একটু শান্তিতে নিশ্বাস নিতে চাচ্ছিল ঠিক তখনি পম্পেও এবং মানুচিন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তিনি আরও লিখেছেন, যুদ্ধের প্রধান প্ররোচকের সঙ্গে যুদ্ধের তৃষ্ণা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরও অবসান হওয়া উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বহিষ্কার করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ এ প্রতিক্রিয়া দেখালেন।
যুদ্ধ উন্মাদনার হোতা হিসেবে পরিচিত জন বোল্টনের প্রস্থানের কারণে ইরানের ওপর মার্কিন সর্বোচ্চ চাপ কমতে পারে বলে কেউ কেউ যখন আশা করছিলেন ঠিক তখনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।#
পার্সটুডে/এসএ/১১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন