পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর ইরান: জেনারেল বাকেরি
-
চীনা সামরিক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন জেনারেল বাকেরি
ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশের সেনাবাহিনী পারস্য উপসাগরের নিরাপত্তা ও ইরানের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।
চীন সফররত জেনারেল বাকেরি গতকাল (বৃহস্পতিবার) বেইজিং-এ চীনের একটি সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের এক সমাবেশে ভাষণ দেয়ার সময় এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা সম্পর্কে তার দেশের সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, ইরান কখনো কারো বিরুদ্ধে আগ্রাসন চালায়নি বা কোনো দেশ দখল করেনি। তবে আক্রান্ত হলে সর্বোচ্চ শক্তি দিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে তেহরান।
ইরানের সেনাপ্রধান বলেন, আমেরিকা তার সামরিক শক্তি ব্যবহারের পাশাপাশি অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও হুমকি-ধমকি দিয়ে এখনো বিশ্বে নিজের মোড়লিপনা বহাল রাখতে চায়। কিন্তু বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর উচিত নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে আমেরিকার ষড়যন্ত্র নস্যাত করে দেয়া। #
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।