'ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামাতে পারে নি আমেরিকা'
-
বিজান নামদার জাঙ্গানে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি বন্ধ হয় নি। ইরানের বেলাল গ্যাস ফিল্ড উন্নয়ন বিষয়ক চুক্তি সই অনুষ্ঠানের অবকাশে তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, আমেরিকা ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে। ইউরোপের ১৫ বিলিয়ন ডলার লোনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপের এই পদক্ষেপের মানে নিষেধাজ্ঞা শিথিল করা নয়, ইরানের তেল শিল্পের দৃষ্টিতে নিষেধাজ্ঞা শিথিলের অর্থ হচ্ছে তেল বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রত্যাহার করা।
ইরানের বেলাল গ্যাস ক্ষেত্রের উন্নয়নে আজ স্বাক্ষরিত চুক্তি প্রসঙ্গে জাঙ্গানে বলেন, এই চুক্তিটি হচ্ছে ৩৪ মাস মেয়াদী এবং এই উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় হবে ৪৪ কোটি ডলার।
২০১৮ সালের ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।