আবারও ইরানকে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাল ফ্রান্স
-
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ আবারো আমেরিকার সঙ্গে আলোচনায় বসার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে চতুর্থ দফা পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার আগে যে সময়টুকু রয়েছে তার সদ্ব্যবহার করে ইরানের উচিত আমেরিকার সঙ্গে আলোচনায় বসা।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানালেও তিনি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইরানের প্রতি ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার কথা বেমালুম চেপে গেছেন।
সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির একটি বৈঠক অনুষ্ঠানের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ব্যাপক চেষ্টা চালান। কিন্তু প্রেসিডেন্ট রুহানি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ না করার সিদ্ধান্তে অটল থাকেন একথা বলে যে, তার দেশের ওপর নিষেধাজ্ঞা বজায় থাকা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের মুখে তিনি আমেরিকার সঙ্গে আলোচনায় বসবেন না।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তারা এমন সময় এ আগ্রহ প্রকাশ করছেন যখন তাদের প্রশাসন গত বছর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। ইরান বলছে, যতক্ষণ আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে না আসছে ততক্ষণ তার সঙ্গে কোনো আলোচনা নয়।#
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।