ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সাক্ষাৎ
ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া মঙ্গলবার তেহরানে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে রুহানি বলেছেন, সম্পর্ক ঘনিষ্ঠ করার পথে যেসব বাধা আছে তা দূর করার জন্য তেহরান ও ইসলামাবাদকে প্রচেষ্টা চালাতে হবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ও ইসলামাবাদের মধ্যে বর্তমানে যে বাণিজ্যিক বিনিময় ও সহযোগিতা রয়েছে তা কাঙ্ক্ষিত পর্যায়ের চেয়ে অনেক কম। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত নয়। তিনি আরো বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করতে ইরান ও পাকিস্তানের উচিত আরো বেশি প্রচেষ্টা চালানো।
রাজনৈতিক দিক দিয়ে দুটি শক্তিশালী মুসলিম দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে তাতে সন্তোষ প্রকাশ করে হাসান রুহানি বলেন, রাজনৈতিক এ সদিচ্ছাকে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার কাজে ব্যবহার করতে হবে। একইসঙ্গে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিবেশী সবগুলো দেশের পরস্পরের সঙ্গে সুসম্পর্ক রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন।
সাক্ষাতে পাক সেনাপ্রধান বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে তৃতীয় কোনো পক্ষ তার ক্ষতি করতে পারবে না। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করারও আহ্বান জানান। ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার জন্য পাকিস্তান সব রকম প্রচেষ্টা চালাবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেনারেল বাজওয়া তার চলমান ইরান সফরে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানি এবং ইরানের সেনাবাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুররহিম মুসাভির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।#
পার্সটুডে/এমএমআই/এআর/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।