ইরানের ডেস্ট্রয়ারে যুক্ত হচ্ছে নয়া প্রযুক্তি, ধ্বংস হবে ক্রুজ ক্ষেপণাস্ত্র: নৌপ্রধান
-
খানযাদি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডেস্ট্রয়ারগুলোতে ভার্টিক্যাল লাঞ্চিং সিস্টেম যুক্ত করা হবে। এর ফলে শত্রুর ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে এসব যুদ্ধজাহাজ। ভার্টিক্যাল লাঞ্চিং সিস্টেম হচ্ছে এমন এক ব্যবস্থা যা দিয়ে বিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে। এসব তথ্য জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।
তিনি আজ (বুধবার) আরও বলেছেন, ইসলামি বিপ্লবের পর আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর এরপর থেকেই তেহরান প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের কাজ শুরু করে।
তিনি বলেন, নৌবাহিনী প্রথমে গানবোট তৈরিতে সক্ষমতা দেখিয়েছে। এরপর ডেস্ট্রয়ার নির্মাণ করেছে। এ পর্যন্ত তিনটি ডেস্ট্রয়ার তৈরি করা হয়েছে। এগুলো হলো 'দামাভান্দ', 'সাহান্দ' ও 'দেনা'। এছাড়া আগামী বছর 'তাফতান' নামের একটি নয়া ডেস্ট্রয়ার উদ্বোধন করা হবে বলে তিনি জানান।
সাবমেরিন নির্মাণে ইরানের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা কাদির ও ফাতেহ সাবমেরিন তৈরি করেছি। এছাড়া বে'সাত নামের ভারী সাবমেরিন নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।