ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্রোন
-
ইরানের নতুন নির্মিত সিজ্জিল ড্রোন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে অত্যাধুনিক ড্রোন যুক্ত করা হবে। ইরানের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার যে প্রক্রিয়া চলছে তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এসব ড্রোনের পাল্লা যেমন বেশি হবে তেমনি প্রযুক্তিগুলো অনেক বেশি উন্নত হবে বলে জানিয়েছেন নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।
তিনি জানান, বর্তমানে ইরানের নৌবাহিনীতে যেসব ড্রোন যুক্ত রয়েছে সেগুলো ২০০ থেকে এক হাজার কিলোমিটার পাল্লার কিন্তু যখন নতুন উন্নত ড্রোন যুক্ত করা হবে তখন এসব পুরোনো ড্রোন সরিয়ে নেয়া হবে এবং নতুন ড্রোনের পাল্লা হবে আরো অনেক বেশি। এতে ইরানি নৌবাহিনীর নজরদারির ক্ষমতা অনেক বেশি বাড়বে।
নৌ বাহিনীর বিশেষজ্ঞদের রাত-দিনের পরিশ্রমের কথা উল্লেখ করে অ্যাডমিরাল খানযাদি বলেন, তাদের এই পরিশ্রমের কারণে খুব শিগগিরি আমরা অনেক উন্নত প্রযুক্তি দেখতে পাব এবং সেগুলো ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে।
ইরানি নৌবাহিনীর কমান্ডার আরো জানান, এরইমধ্যে তারা সফলতার সঙ্গে জেট পাওয়ার চালিত সিজ্জিল ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছেন। এ ড্রোন নির্মাণের ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করেছে। কমান্ডার খানযাদি জানান, এই ড্রোন ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে উড়তে পারে এবং কয়েকটি বোমা বহন করতে সক্ষম। সিজ্জিল ড্রোন থেকে ১০০ কিলোমিটার ওপর হতে শত্রুর লক্ষ্যবস্তুর উপর বোমা নিক্ষেপ করা সম্ভব। নতুন এ ড্রোনের আকৃতি দেয়া হয়েছে তিমি মাছের মতো।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।