কাতারি পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর; বৈঠক করেছেন প্রেসিডেন্ট রুহানির সঙ্গে
https://parstoday.ir/bn/news/iran-i76473-কাতারি_পররাষ্ট্রমন্ত্রীর_তেহরান_সফর_বৈঠক_করেছেন_প্রেসিডেন্ট_রুহানির_সঙ্গে
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান আলে সানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে সফর করেছেন। গতকাল (শনিবার) তিনি তেহরান পৌঁছে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২০ ১৮:১৬ Asia/Dhaka
  • ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান আলে সানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে সফর করেছেন। গতকাল (শনিবার) তিনি তেহরান পৌঁছে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রেসিডেন্ট রুহানি পরিষ্কারভাবে বলেছেন, মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার দায়দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকার এবং এজন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, চলমান পরিস্থিতিতে তেহরান এবং দোহার মধ্যে অব্যাহত পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্য অঞ্চলকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সে কারণে বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে আলোচনা এবং অব্যাহত পরামর্শ জরুরি।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরান কখনো কোথাও কোনো উত্তেজনা সৃষ্টি করার মতো কাজ করে নি বরং আমেরিকা বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্য অঞ্চলে নানামুখী তৎপরতা চালিয়েছে যার কারণে এ অঞ্চল মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে।

শহীদ মেজর জেনারেল কাসেম সোলায়মানির পোস্টার হাতে এক ইরানি নাগরিক

প্রেসিডেন্ট আরো বলেন, মেজর জেনারেল সোলায়মানি ছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমেরিকা এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছেন। এজন্যই এ অঞ্চলের সমস্ত দেশেরই আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানানো উচিত। তিনি বলেন, আমি আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মার্কিনীদের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা জানাবো এবং আমরা আঞ্চলিক দেশগুলো আরো বেশি ঐক্যবদ্ধ হব। রুহানি বলেন, ইরাকের মাটিতে জেনারেল সোলায়মানিকে হত্যা করার অর্থ হচ্ছে ইরাকী জনগণকে অপমান করা এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা।

বৈঠকের কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কাতারের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান এবং নজিরবিহীন এই হত্যাকাণ্ডের ব্যাপারে দোহা উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন।

এর আগে শেখ আবদুর রহমান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন এবং সেখানেও তিনি শান্তিপূর্ণ উপায়ে চলমান পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/৫