সমস্যা সমাধানে ইইউ’কে সহযোগিতা করে যাবে ইরান: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i77178-সমস্যা_সমাধানে_ইইউ’কে_সহযোগিতা_করে_যাবে_ইরান_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।তিনি বলেছেন, এ সমঝোতার ব্যাপারে চলমান অচলাবস্থা নিরসনে তার দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’কে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ০২:৪৭ Asia/Dhaka
  • সমস্যা সমাধানে ইইউ’কে সহযোগিতা করে যাবে ইরান: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।তিনি বলেছেন, এ সমঝোতার ব্যাপারে চলমান অচলাবস্থা নিরসনে তার দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’কে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

ইরান সফররত ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

রুহানি বলেন, আমেরিকা এ সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর এতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো ইরানকে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে পারেনি। এ কারণে ইরান আপাতত এ সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন এই সমঝোতারই নীতি অনুসারে স্থগিত রেখেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বাকি দেশগুলো যে মুহূর্তে এই সমঝোতায় দেয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করবে সেই মুহূর্তে ইরানও আবার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে। দু’পক্ষের মধ্যে স্বাক্ষরিত কোনো চুক্তি এক পক্ষ এককভাবে চিরকাল বাস্তবায়ন করে যেতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ২০১৫ সালে আমেরিকাসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান যে পরমাণু সমঝোতা সই করেছিল তা অর্জন করতে ১২ বছর সময় লেগেছিল। অথচ আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক মুহূর্তে এ সমঝোতা থেকে বেরিয়ে গেছে।

সাক্ষাতে পরমাণু সমঝোতাকে আবার পূর্ণ উদ্যোমে বাস্তবায়ন করার লক্ষ্যে ইইউ’র পক্ষ থেকে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দেন জোসেপ বোরেল। ইউরোপীয় দেশগুলো এ সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পূরণ না করায় দুঃখ প্রকাশ করেন তিনি।

জোসেপ বোরেলের পূর্বসুরি ফেডেরিকা মোগেরিনি পরমাণু সমঝোতা অর্জনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৯ সালের শেষদিকে মোগেরিনির দায়িত্ব পালনের মেয়াদ শেষ হলে জোসেপ বোরেল তার স্থলাভিষিক্ত হন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।