ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়:
ব্রিটেন ইরানের নীতি নির্ধারণের পর্যায়ে নেই: আব্বাস মুসাভি
-
আব্বাস মুসাভি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের নীতি নির্ধারণ করার অবস্থানে নেই।
তিনি বলেন: বিশ্বের অধিকাংশ এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি হয় তৃতীয় দেশের হস্তক্ষেপের মধ্য দিয়ে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব সম্প্রতি পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। ইঙ্গো-মার্কিন ধ্বংসাত্মক ভূমিকার কথা বেমালুম ভুলে গিয়ে রাব দাবি করেন: ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ রাবের বক্তব্যকে যথার্থ কিংবা গঠনমূলক নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন: তেহরান এসব ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি সবসময়ই প্রত্যাখ্যান করে এসেছে।
মুসাভি বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান নৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও নিরাপত্তাগত ভারসাম্য রক্ষার্থে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করে নি। এ কথা ইরান বহুবার বিশ্ববাসীকে জানিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ইয়েমেনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালানোর জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে অস্ত্র সরবরাহে ব্রিটেনের ধ্বংসাত্মক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে মুসাভি আরও বলেন: হাজার হাজার কিলোমিটার দূরের কোনো কোনো দেশ পশ্চিম এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।