পশ্চিমা দেশগুলোর চেয়ে ইরান ভালোভাবে করোনা মোকাবেলা করেছে: রুহানি
-
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া ঠেকানোর ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর চেয়ে ইরান ভালো করেছে। আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বক্তৃতা দেয়ার সময় তিনি একথা বলেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ইরানের জনগণ যাতে কোনো রকমের দ্রব্যসামগ্রী বিশেষ করে খাদ্য এবং স্যানিটারি পণ্যসামগ্রীর ক্ষেত্রে অভাব বোধ না করে সেই ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে।
বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এসব দেশের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, অনেক দেশের সঙ্গে ইরানকে আপনারা তুলনা করে দেখতে পারেন। তিনি বলেন, তেহরানের সাথে, লন্ডন, বার্লিন কিংবা প্যারিসের তুলনা করে দেখুন, আপনারা দেখতে পাবেন সেখানে কি চলছে।
রুহানি আরো বলেন, এসব দেশের দোকানপাটগুলো খালি এবং এক বান্ডিল টয়লেট পেপারের জন্য মারামারি পর্যন্ত হয়েছে। এসব দেশের মানুষ তাদের খাদ্য সামগ্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে প্রচণ্ড রকমের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এসব ক্ষেত্রে আমরা খুব দ্রুত এবং প্রয়োজনমতো জনগণের কাছে পণ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।
ড. হাসান রুহানি বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর তার সরকার স্যানিটারি এবং চিকিৎসা সামগ্রীর উৎপাদন বাড়িয়ে দিয়েছে যাতে সাধারণ মানুষ বড় রকমের সঙ্কটের মধ্য না পড়ে। ইরানের কোম শহর এবং উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল কিন্তু এখন সে সব জায়গায় আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। এ খবরের প্রেসিডেন্ট রুহানি সন্তোষ প্রকাশ করেন।#
পার্সটুডে/এসআইবি/১৮