ইরানে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে, বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা
https://parstoday.ir/bn/news/iran-i79173-ইরানে_করোনায়_মৃত্যু_ও_আক্রান্তের_সংখ্যা_কমছে_বাড়ছে_সুস্থ_রোগীর_সংখ্যা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে কমছে। একইসঙ্গে প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৮, ২০২০ ১৩:৫৮ Asia/Dhaka
  • ইরানের একটি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা
    ইরানের একটি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে কমছে। একইসঙ্গে প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৩ জন। একদিন আগে এ সংখ্যা ছিল ৮৯। বৃহস্পতিবার প্রাণঘাতী এ রোগে মারা যান ৯২ জন।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে- ইরানে গত এক সপ্তাহের প্রতিদিনই মৃত্যুর সংখ্যা কমছে। এক সপ্তাহ আগে অর্থাৎ গত ১১ এপ্রিল মারা যান ১২৫ জন। আর দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৪ এপ্রিল। ওইদিন দুঃখজনকভাবে ১৫৮ জন মারা যান। এরপর থেকে প্রায় নিয়মিতই মৃত্যুর হার কমছে।

কিয়ানুশ জাহানপুর 

কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার ৯৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হওয়ার হার শতকরা ৯২ জন বলে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বিশ্লেষণে বলা হয়েছে।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৪ জন। একদিন আগে শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৪৯৯ জন। আর ১৬ এপ্রিল আক্রান্ত হন এক হাজার ৬০৬ জন। অর্থাৎ প্রতিদিনই আক্রান্তের সংখ্যাও কমছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী- দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৩১ জন।

ইরানে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ১৩৭ ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়েছে। আর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হয়েছে সাত কোটিরও বেশি মানুষের।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮