আমেরিকায় ইরানি বন্দীরা করোনায় আক্রান্ত কিনা জানতে চায় তেহরান
-
ইরান সরকারের মুখপাত্র
মার্কিন কারাগারগুলোতে আটক ইরানিরা সুস্থ আছেন কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, মার্কিন কারাগারগুলোতে আটক ইরানিদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে একজন ইরানি কারাবন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার ইস্যুতে নানা স্লোগান দিলেও বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে তিনি জানান।
আলী রাবিয়ি আরও বলেছেন, ইরানি বন্দীদেরকে খুবই খারাপ পরিবেশে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে চিকিৎসা সুবিধাও দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, আমেরিকায় ইরানিদেরকে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।
ইরানি কারাবন্দীদের বিষয়ে তেহরানের উদ্বেগের বিষয়টি উপলব্ধি করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। জরুরি প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ হয়ে থাকে। ইরানে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস মার্কিন স্বার্থ দেখাশোনা করে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।