ইরানে আগামীকাল থেকে স্কুল খোলা থাকবে; উপস্থিতি বাধ্যতামূলক নয়
আগামীকাল (শনিবার) থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে স্কুল খোলা থাকবে। তবে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
ইরানের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, স্কুল খুললেও কোনো ছাত্র-ছাত্রীই প্রতিষ্ঠানে আসতে বাধ্য নয়। করোনভাইরাসের কারণে গত তিন মাস ধরে ইরানে স্কুল বন্ধ রয়েছে।
ইরানে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবর্ষ শেষ হতে আর মাত্র এক মাস বাকি। এখন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছে।
ইরানের শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো বিষয় নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে কথা বলতে চায় অথবা তার শিক্ষাগত ঘাটতি পূরণ করতে চায় তাহলে সে স্কুলে আসতে পারে। তা না হলে স্কুলে আসার কোনো প্রয়োজন নেই। ছাত্র-ছাত্রীদেরকে স্কুলে যাওয়ার আগে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যেতে বলা হয়েছে। এর ফলে স্কুল খুললেও বাস্তবে সেখানে সে ধরণের কোনো ভিড় হবে না।
পাশাপাশি বলে দেওয়া হয়েছে, স্কুলে যদি কেউ শিক্ষকের সহযোগিতা নিতে যায় তাহলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে তাকে পড়া বুঝিয়ে দিতে হবে।
যেহেতু ছাত্র-ছাত্রীদের জন্য স্কুলে যাওয়াটা বাধ্যতামূলক করা হয় নি সেকারণে অনেকেই স্কুলে যাবে না বলে মনে করা হচ্ছে। #
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।