ইরান থেকে করোনাভাইরাস চলে যায় নি তবে পরিস্থিতির উন্নতি হয়েছে: রুহানি
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়ে যায় নি। তবে এখানে পরিস্থিতির উন্নতি ঘটেছে। ইরানে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কিছু বিদেশি সংবাদ মাধ্যম ইরানি জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি এবং সমাজের মধ্যে অসন্তোষ্টি ছড়িয়ে দেয়ার অপচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
আজ (শনিবার) ইরানে করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের বিষয়ে গঠিত বিশেষ টাস্কফোর্সের বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান করোনাভাইরাসের প্রথম ধাক্কা খুব ভালোভাবে সামলাতে পেরেছে। তবে দ্বিতীয় পর্যায়ের ধাক্কা আসলে সেটা প্রথম পরিস্থিতির চেয়ে ভিন্ন হবে।
কখনোই ভাবা যাবে না যে ইরানে করোনাভাইরাস আর নেই তা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, বর্তমান পরিস্থিতিতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মানুষের কার্যক্রমে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। কৌশলগত সামাজিক দুরত্ব বজায় রাখা আরো কয়েক মাস অব্যাহত রাখা প্রয়োজন হতে পারে।

প্রেসিডেন্ট রুহানি মহামারী করোনাভাইরাস মোকাবেলার স্বাার্থে আসন্ন কুদস দিবস উপলক্ষে করণীয় বিষয় নিয়ে টাস্কফোর্সের সিদ্ধান্তের ব্যাপারে বলেন, ইরানের যে ২১৮টি শহরকে সাদা অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে জুমার নামাজ পড়ানো হচ্ছে সেসব শহরে স্বাস্থ্যবিধি এবং নিয়ম নীতি অনুসরণ করে কুদস দিবস পালন করা হবে। মানুষ জুমার নামাজে অংশ নিয়ে কুদস দিবস পালন করবে। মিছিলের মাধ্যমে নয়।
রাজধানী তেহরানে বিশ্ব কুদস দিবস পালন সম্পর্কে রুহানি বলেন, এখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রতীকী অর্থে একটা নির্দিষ্ট এলাকা থেকে অন্য একটি নির্দিষ্ট এলাকায় গাড়ির শোভাযাত্রা হবে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই দায়িত্ব পালন করবে। তেহরানে কোনো জনসমাবেশ হবে না।#
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।