ইউরোপ যেন আমেরিকার কথায় প্রভাবিত না হয়: ম্যাকরনকে রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i82218-ইউরোপ_যেন_আমেরিকার_কথায়_প্রভাবিত_না_হয়_ম্যাকরনকে_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার শুরু থেকে ইরানের পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করে এসেছে; কাজেই আমেরিকার কথায় প্রভাবিত হওয়া বা এই দেশটির প্রতারণার ফাঁদে পা দেয়া ইউরোপের উচিত হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০২০ ০০:৫২ Asia/Dhaka
  • ইউরোপ যেন আমেরিকার কথায় প্রভাবিত না হয়: ম্যাকরনকে রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার শুরু থেকে ইরানের পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করে এসেছে; কাজেই আমেরিকার কথায় প্রভাবিত হওয়া বা এই দেশটির প্রতারণার ফাঁদে পা দেয়া ইউরোপের উচিত হবে না।

তিনি বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। রুহানি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী আগামী ১৮ অক্টোবর থেকে অবশ্যই ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যেতে হবে।তিনি আরো বলেন, আমেরিকা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব তুলতে যাচ্ছে পরিষদের বাকি দেশগুলোর উচিত হবে তা প্রতিহত করা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা দুই বছরেরও বেশি সময় আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই ইরানের বিরুদ্ধে এ সমঝোতাকে ব্যবহার করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই।

ম্যাকরনের সঙ্গে রুহানির সাক্ষাৎ (ফাইল ছবি)

টেলিফোনালাপে ম্যাকরন ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা সম্পর্কে ফ্রান্স আমেরিকার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে এবং প্যারিসের এ অবস্থানের কথা ওয়াশিংটনকে জানিয়ে দেয়া হয়েছে।

গত মঙ্গলবার ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব তোলার কথা ছিল। কিন্তু তা পাস হবে না দেখে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। পরবর্তীতে গণমাধ্যমে খবর আসে যে, মার্কিন সরকার সংক্ষিপ্ত আকারে এমন একটি প্রস্তাব তৈরির চেষ্টা করছে যাতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সবগুলো সদস্য দেশের সমর্থন পাওয়া যায়; যদিও রাশিয়া এবং চীন আমেরিকার এ প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।