আমেরিকা আবারও ব্যর্থ হবে: ইরান
-
খাতিবযাদেহ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ব্যর্থ হবে। ইরানের ১৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন।
খাতিবযাদেহ এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোষ্ঠীটি নিজ দেশের চেয়ে নেতানিয়াহুর স্বার্থকে বেশি গুরুত্ব দেয় তারাই ট্রাম্পকে এ ধরণের পদক্ষেপের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। তারাই ইরানের জনগণের বিরুদ্ধে অমানবিক তৎপরতা বাড়াতে কাজ করে যাচ্ছে। এই গোষ্ঠীটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও মর্যাদার প্রতি কোনো ধরণের ভ্রুক্ষেপ না করে গত চার বছর ধরে জুয়া খেলেছে।
তিনি আরও বলেন, আমেরিকার এসব পদক্ষেপ এর আগেও ব্যর্থ হয়েছে। এবারও ব্যর্থ হবে।
মার্কিন সরকার আবারও অবৈধভাবে ইরানের ১৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ যোগান দেয়ার অভিযোগে এ সমস্ত ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ারও অভিযোগ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। অথচ বাস্তবতা হচ্ছে- মধ্যপ্রাচ্যের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান নানাভাবেই লড়াই করে আসছে। এছাড়া, সারা বিশ্বে গত কয়েক দশক ধরে যে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করেছে তার অন্যতম প্রধান শিকার ইরান।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।