'ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রভাব পড়বে সারা বিশ্বে'
আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বেতার কেন্দ্রের অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি। আন্তর্জাতিক সকল বেতার কেন্দ্রই নিজ দেশের পরিচিতি তুলে ধরার সাথে সাথে আন্তর্জাতিক খবরাখবর ও খবরের বিশ্লেষণ প্রচার করে থাকে। এসব খবর ও বিশ্লেষণ থেকে আমরা একটি ঘটনাকে নানাভাবে দেখার সুযোগ পাই।
তবে এক্ষেত্রে রেডিও তেহরান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেডিও তেহরান কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে খবর এবং খবরের পিছনের খবরকে এমন চুলচেরা বিশ্লেষণ করে যে, তা আমাদের চিন্তা জগতে নতুন চেতনার সৃষ্টি করে।
রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে যে তিনটি অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয়, সেগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা। তিনটি অনুষ্ঠানই আমাদেরকে ইরান, বাংলাদেশ, ভারত ও বিশ্বের সর্বসাম্প্রতিক খবর ও খবরের পিছনের ঘটনাপ্রবাহ জানতে সাহায্য করে। তন্মধ্যে কথাবার্তা অনুষ্ঠানে বাংলাদেশে ও ভারতের দৈনিক পত্রিকার শিরোনাম ছাড়াও জনাব সিরাজুল ইসলামের বিশ্লেষণ আমাদেরকে মুগ্ধ করে।
১৯ অক্টোবর রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠানে জনাব সিরাজুল ইসলামের বিশ্লেষণ দারুণ হৃদয়গ্রাহী ও উপভোগ্য হয়েছে। প্রথমেই তিনি দৈনিক মানবজমিন পত্রিকার একটি শিরোনাম- স্বাস্থ্যের ৭৫ কোটিপতি নিয়ে আলোচনা করেন। তাঁর বিশ্লেষণের সাথে আমি একমত পোষণ করছি।
এরপর জনাব সিরাজুল ইসলাম ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির উপর কী প্রভাব পড়বে- তা নিয়ে আলোচনা করেন। তাঁর এ বিশ্লেষণের সাথেও আমি সহমত পোষণ করছি। আমিও মনে করি, শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের উপর এ ঘটনার প্রভাব পড়বে।
বর্তমানে অনেক মুসলিম দেশ, বিশেষত যে দেশগুলোর উপর আমেরিকা যুক্তরাষ্ট্রের নেক নজর নেই- তাদের পক্ষে কাঙ্ক্ষিত অস্ত্র সংগ্রহ করা কঠিন ছিল। কিন্তু ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরান সেসব দেশে অস্ত্র ও সামরিক প্রযুক্তি রপ্তানি করতে পারবে। এর ফলে ইরানের অর্থনীতি যেমন সবল হবে, তেমনি দুর্বল দেশগুলো অস্ত্র কিনে সামরিক শক্তিতে বলিয়ান হবে। এতে একদিকে সামরিক ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিপত্যের অবসান হবে, অন্যদিকে বিশ্বে বহুকেন্দ্রের সৃষ্টি হবে। হয়ত এভাবেই বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার সৃষ্টি হবে, যা আমেরিকা যুক্তরাষ্ট্র কখনো চায়নি।
অধিকন্তু, ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে এখন ইরানের সাথে আরো অধিক সংখ্যক দেশের অর্থনৈতিক ও সামরিক যোগযোগ বৃদ্ধি পাবে, সৃষ্টি হবে ঘনিষ্ঠতা। ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত ইরানে, বিশেষত একটি মুসলিম দেশে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের একটি দেশে নতুন শক্তিবলয়ের সৃষ্টি হবে, যে দেশটি সবসময় শর্তহীনভাবে ইসলাম ও নির্যাতিতের পক্ষে থাকবে। আমরা ইরানের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং মুসলিম বিশ্বকে সঠিক নেতৃত্ব ও প্রেরণা দিক সে প্রত্যাশাই করি।
কথাবার্তা অনুষ্ঠানে চমৎকার বিশ্লেষণের জন্যে জনাব সিরাজুল ইসলামকে এবং রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।