মার্কিন রাজনৈতিক চাপে প্রভাবিত না হতে আইএমএফ’র প্রতি ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i84061-মার্কিন_রাজনৈতিক_চাপে_প্রভাবিত_না_হতে_আইএমএফ’র_প্রতি_ইরানের_আহ্বান
করোনাভাইরাস মোকাবেলায় জরুরি অর্থ সহায়তা দেয়ার জন্য তেহরান আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ-এর কাছে যে আবেদন জানিয়েছে, তাতে মার্কিন রাজনৈতিক চাপের কাছে প্রভাবিত না হওয়ার জন্য এই সংস্থার প্রতি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহ্বান জানিয়েছেন। নিজস্ব ক্ষমতার ভিত্তিতে তার দেশ এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলা করে এসেছে উল্লেখ করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হিম্মাতি বলেছেন, মার্কিন বেআইনি নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলায় ইরান বাইরের সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ২২, ২০২০ ১২:১০ Asia/Dhaka

করোনাভাইরাস মোকাবেলায় জরুরি অর্থ সহায়তা দেয়ার জন্য তেহরান আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ-এর কাছে যে আবেদন জানিয়েছে, তাতে মার্কিন রাজনৈতিক চাপের কাছে প্রভাবিত না হওয়ার জন্য এই সংস্থার প্রতি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহ্বান জানিয়েছেন। নিজস্ব ক্ষমতার ভিত্তিতে তার দেশ এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলা করে এসেছে উল্লেখ করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হিম্মাতি বলেছেন, মার্কিন বেআইনি নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলায় ইরান বাইরের সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটি আইএমএফ-এর কাছে ঋণ সহায়তা চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে ঋণগ্রহীতা দেশগুলোর তালিকা থেকে ইরানের নাম বাদ দেয়া হয়। এ কারণে করনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটার ৮মাস পেরিয়ে গেলেও ইরান এখনো আইএমএফ-এর কাছ থেকে ঋণ পেতে ব্যর্থ হয়েছে। করোনা মহামারীতে ইরানসহ সারা বিশ্ব যখন জর্জরিত তখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একেরপর এক কঠোর নিষেধাজ্ঞা চাপিয়েছে। এমনকি ইরান যাতে অন্য দেশ থেকে ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আমদানি করতে না পারে সে ব্যবস্থাও করেছে এবং বিভিন্ন দেশে ইরানের পাওনা অর্থ আটকে দিয়েছে। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক ও স্বৈরাচারী আচরণের আরেকটি দৃষ্টান্ত। এর মাধ্যমে তারা সরাসরি ইরানের জনগণকে টার্গেট করেছে। যুক্তরাষ্ট্রের এই আচরণ মানবাধিকারের প্রাথমিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

সারা বিশ্বের মানুষ চায় আন্তর্জাতিক সংস্থাগুলো স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করুক। করোনা প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে আইএমএফ-এর ওপর মার্কিন মোড়লিপনা বা কর্তৃত্ব এ সংস্থার গঠনমূলক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।  প্রথমত, ১৮৯টি দেশের অর্থনৈতিক পরিবর্তন ও কর্মকাণ্ডের উপর নজর রাখা। দ্বিতীয়ত, অর্থনীতির উন্নয়নে এই দেশগুলোকে পরামর্শ দেওয়া এবং তৃতীয়ত, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পিছিয়ে পড়া দেশগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয়া।

বর্তমান করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ঝিমিয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র ও তৃতীয় বিশ্বের দেশগুলো এক্ষেত্রে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে। এ অবস্থায় করোনাভাইরাস মোকাবেলায় সব দেশগুলোর পারস্পরিক সহযোগিতা অপরিহার্য হয়ে পড়েছে। নিষেধাজ্ঞার কারণে কোন দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।

করোনা মোকাবেলায় প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে বিশেষ করে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন হয়ে পড়েছে অধিকাংশ দেশের। এ কারণে আইএমএফ-এর অর্থ সহায়তা খুবই জরুরী। মার্কিন নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের কাছে আইএমএফ অসহায় হয়ে পড়ায় ইরান নিজস্ব অভিজ্ঞতা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা মোকাবেলায় করে যাচ্ছে। করোনা চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও রোগ নির্ণয়কারী কিট ইরান নিজেই তৈরি করছে। তারপরও করোনা মোকাবেলায় ইরানের আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন রয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২২