'বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর ব্যঙ্গচিত্র মুসলিম জাতিকে হতবাক করেছে'
প্রিয় বন্ধু, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। বেশ কয়েকদিন বিরতির পর এ পত্র লিখছি। রেডিও তেহরানের বাংলা বিভাগ সব সময় বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান পরিবেশন করে থাকেন। আর এজন্যই আপনাদের বেতারকে এতো ভালো লাগে।
গত ২৮শে অক্টোবর এবং গত ২রা নভেম্বর প্রচারিত হয় 'বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জন্মবার্ষিকী' উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠান দুটি বেশ মনোযোগ সহকারে শুনলাম। ২৮শে অক্টোবরের আসরটি ফেসবুক লাইভে ভালোভাবে শুনতে পারিনি। পুরো আসরটি থেমে থেমে প্রচারিত হয়েছে। তবে ২রা নভেম্বরের ফেসবুক লাইভে অবশ্য কোনো সমস্যা ছিল না। পুরো আসরটি ভালোভাবে শুনতে পেয়েছি। ধন্যবাদ এজন্য আপনাদের।
মুক্তির দিশারি উন্মতের কান্ডারি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বগুণে গুণান্বিত একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। মানব জাতিকে তিনি সত্য পথের সন্ধান দেওয়ায় জন্য ইসলামের আদর্শ ও সত্যবাণী প্রচার করে চিরস্মরণীয় হয়ে আছেন। রাসুল (সা.) ছিলেন ধর্মবীর, কর্মবীর এবং সংস্কারক। তিনি শুধু সত্যদ্রষ্টা ও মহামানবই নন, পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন অতুলনীয় এবং অপ্রতিদ্বন্দ্বী।

এই মহা মানবকে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি রেডিও তেহরানের বাংলা বিভাগকে। গত ১৭ই রবিউল আউয়াল ছিল এই বিশ্ব মহামানব হজরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী।
একই দিনে অর্থাৎ ১৭ই রবিউল আউয়াল ছিল প্রিয় নবী (সা.) আহলে বাইতের সদস্য ইমাম জাফর সাদিক (আ.) এর ও জন্মবার্ষিকী। জানলাম ইমাম জাফর সাদিক (আ.) ৮৩ হিজরির ১৭ই রবিউল আউয়াল মাসে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি ৩৪ বছর ধরে মুসলিম জাহানের নেতৃত্ব দেয়ার পর শাহাদত বরণ করেন। রাসুল (সা.) এর পাশাপাশি এই মহান ব্যক্তিকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাদের প্রতি রহম করুন।

এ আসরে নবীকুলের শিরোমণি হজরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি ভীষণ ভালো লেগেছে। মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী (সা.) ছিলেন সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপহার। তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। পবিত্র কোরআনেও মহান আল্লাহ রাসুল (সা.)-কে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত বা অনুগ্রহ বলে উল্লেখ করেছেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও সর্বদায় সচেষ্ট ছিলেন। ক্ষমতায় থাকলেও কখনো তিনি ক্ষমতার অপব্যবহার করেননি। দাসদের প্রতিও কখনো তিনি রুঢ় আচরণ করেননি। তার আদর্শ ও নীতি যারাই অনুসরণ করেছেন তারাই কামিয়াবি হয়েছেন।
অথচ এই যুগে এসে এই সভ্য সমাজ তার মতো মহামানবের ব্যঙ্গচিত্র প্রকাশ করে এবং তার মতো মহামানবকে নিয়ে কটুক্তি করে। সম্প্রতি ফ্রান্সের একটি পত্রিকা ও সে দেশের প্রেসিডেন্ট বিশ্বনবীকে নিয়ে মন্তব্য করেছে, তাতে গোটা বিশ্বের মুসলিম জাতিকে হতবাক করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এগুলিকে স্বাধীন মত প্রকাশ বলে না। এহেন ন্যক্কারজনক মন্তব্য ও ব্যঙ্গচিত্রের জন্য ফ্রান্সকে আজ গোটা বিশ্ব ধিক্কার জানাচ্ছে। তাদের মনে রাখা উচিত বিচারকেরও একজন বিচারক আছে, তোমাদের বিচার হবে তার আদালতে।
পৃথিবীর শত শত মনীষী আজও বিশ্বনবী (সা.) এর দয়া, ভালোবাসা, চরিত্রসহ নানা গুণাবলীর কথা একবাক্যে স্বীকার করেন। তাঁর গুণাবলী আর বৈশিষ্ট্যের কথা লিখে কখনো শেষ করা যাবে না। সারা পৃথিবীর কোটি কোটি মুসলিম শতাব্দীর পর শতাব্দী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে প্রিয় নবী (সা.)কে। শত কোটি দরুদ ও সালাম পেশ করছি তার প্রতি।
অজস্র ধন্যবাদ বোন আকতার জাহানকে, বাবুল আখতার ভাইকে এবং আশরাফুর রহমান ভাইসহ রেডিও তেহরানের বাংলা বিভাগকে- বিশেষ এ আসরটি শ্রোতাদের উপহার দেয়ার জন্য।
আজ এ পর্যন্তই রইল। আপনারা সবাই ভালো, সুস্থ্য, সুন্দর এবং নিরাপদে থাকবেন।
মোঃ সাইফুল ইসলাম
গ্রাম: পুরান বগুড়া, চাঁদনী বাজার, বগুড়া।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।