আমেরিকা এখন ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করছে
https://parstoday.ir/bn/news/iran-i89130-আমেরিকা_এখন_ইরানের_ওপর_দায়_চাপানোর_চেষ্টা_করছে
আমেরিকা এখনও পরমাণু সমঝোতা ও জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেই যাচ্ছে, কিন্তু এরপরও পরমাণু সমঝোতা সংক্রান্ত দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এসব কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২১ ১১:২১ Asia/Dhaka
  • তাখতে রাভানচি
    তাখতে রাভানচি

আমেরিকা এখনও পরমাণু সমঝোতা ও জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেই যাচ্ছে, কিন্তু এরপরও পরমাণু সমঝোতা সংক্রান্ত দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এসব কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রাভানচি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞা  বহাল রেখে আমেরিকা লাভবান হতে পারবে না। বাইডেন ক্ষমতা গ্রহণের দুই মাস পরও আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করে চলেছে, আবার তারাই বলছে বল এখন ইরানের কোর্টে। 

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভিত্তিহীন দাবি করে বলেছেন, আমেরিকা কূটনৈতিক পন্থাকে স্বাগত জানায়, কিন্তু ইরান এখনও এই পথে আসেনি। তার দাবি- বল প্রকৃতপক্ষেই এখন ইরানের কোর্টে। 

তিনি এ সময় পরমাণু সমঝোতা বাস্তবায়ন না হওয়ার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একবারের জন্যও বলেননি তার দেশই অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইরানের ওপর অন্যায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে।

আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে পরমাণু সমঝোতায় ফেরার ইঙ্গিত দিলেও এখন তার প্রশাসন উল্টো কথা বলছে। 

তারা বলছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরতে হবে। তবে  ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা এর আগে প্রতিশ্রুতি দিয়ে লঙ্ঘন করেছে এবং অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই তাদেরকেই প্রমাণ করতে হবে যে, তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রমাণ পাওয়ার পরই কেবল ইরান পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যাবে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।