শ্রোতাদের মতামত
‘যে কারণে চিঠি না লিখে থাকতে পারলাম না’
জনাব আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা ও নিরাপদ থাকাই আমাদের প্রত্যাশা।
আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি দীর্ঘদিন ধরে। কিন্তু কখনো চিঠি লেখা হয়ে ওঠেনি। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও চিঠি লেখার খুব একটা ফুরসুৎ পাই না। আর অনেকবার লিখব লিখব করেও শেষ পর্যন্ত লেখা হয়নি। বন্ধু শাহাদত (সহকারী অধ্যাপক, গুরুদয়াল সরকারি কলেজ) অনুষ্ঠান শোনা ও চিঠি লেখার জন্য বারবার উৎসাহিত করলেও তার অনুরোধে প্রথমটা সম্ভব হয়েছে, কিন্তু দ্বিতীয়টা কখনো হয়ে উঠেনি।
কিন্তু এবার ভেবেছি, চিঠি একটা লিখবই। বিশেষতঃ পবিত্র রমজান উপলক্ষে ‘রমজান: খোদাপ্রেমের অনন্য উৎসব’ নামে যে বিশেষ ধারাবাহিকটি শুরু হয়েছে সেটি শোনার পর আর চিঠি না লিখে থাকতে পারলাম না।
রমজান: খোদাপ্রেমের অনন্য উৎসব নামে যে ধারাবাহিকটি প্রচার হচ্ছে, আজ পর্যন্ত প্রচারিত তার অনেকগুলো পর্বই আমি শুনেছি। প্রতিটি পর্বই আমার খুব ভালো লেগেছে। প্রতিটি পর্ব থেকেই অনেক কিছু শিক্ষণীয় আছে, আর তা ঈমানী শক্তিকে সুদৃঢ় করে। আজকের ১০ম পর্বও তার ব্যতিক্রম নয়।
রমজান: খোদাপ্রেমের অনন্য উৎসবের ১০ম পর্বে আল আহাদ ও আল ওয়াহিদ সম্পর্কে আলোচনা করা হয়। খুবই সারগর্ভ ছিল এ আলোচনা।
মহান আল্লাহ হলেন এক তথা আল আহাদ। এক্ষেত্রে আল আহাদ তথা এক-এর অর্থ হল, তাঁর কোন শরীর বা আকার নেই, কোন অংশও নেই। তিনি এক। তাঁর এই একত্বের কোন তুলনা নেই। পৃথিবীর কোন কিছুই তাঁর এ একত্বের সমকক্ষ নয়। আমাদেরকে অবশ্যই আলআহাদে বিশ্বাসী হতে হবে।
অন্যদিকে, আলওয়াহিদ বলতে বোঝায় আল্লাহ এক, যার কোন দ্বিতীয়টি নেই। তিনি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তাঁর কোন জোড়া নেই, তাঁর সমকক্ষ কেউ নেই। মহান আল্লাহর একত্ববাদ বোঝার জন্য তাই আলআহাদ ও আলওয়াহিদ নাম দুটির তাৎপর্য বোঝা জরুরি।
এমন সুন্দর ও সহজভাষায় আল্লাহর একত্ববাদ আমাদের বুঝিয়ে দেয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
শুকুর মাহমুদ
৮০/৩/১ ভাটিকাশর, ময়মনসিংহ-২২০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬